সহিহ মুসলিম অঃ->সালাত বাব->যুহ্‌র ও ‘আস্‌র-এর সলাতের কিরাআত হাঃ-৯০২

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের প্রথম দু’রাক’আতে ত্রিশ আয়াত পরিমাণ পাঠ করতেন এবং শেষের দু’রাক’আতের প্রতি রাক’আতে পনের আয়াত পরিমাণ পাঠ করতেন। অথবা (রাবীর সন্দেহ) তিনি (আবূ সা’ঈদ) বলেছেন, এর অর্ধেক পরিমাণ। তিনি ‘আসরের প্রথম দু’রাক’আতের প্রতি রাক’আতে পনের আয়াত পরিমাণ পাঠ করতেন এবং শেষের দু’রাক’আতে এর অর্ধেক পরিমাণ পাঠ করতেন। (ই. ফা. ৮৯৭, ই. সে. ৯০৯)


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->আবাসে আসরের সালাতের রাকআত সংখ্যা হাঃ-৪৭৫

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যোহর ও আসরের সালাতে কতক্ষণ কিয়াম করতেন (দাঁড়িয়ে থাকতেন) আমরা অনুমান করতাম। একবার আমরা যোহরের সালাতে তাঁর কিয়ামের অনুমান করলাম যে, তিনি প্রথম দুই রাক‘আতে সূরায়ে সাজদার ত্রিশ আয়াত পরিমাণ এবং পরবর্তী দুই রাক‘আতে এর অর্ধেক পরিমাণ পড়ার পরিমাণ কিয়াম করলেন। আসরের সালাতে কিয়ামের অনুমান করলাম যে, প্রথম দুই রাক’আতে যোহরের শেষ দুই রাক’আতের সময় পরিমাণ এবং শেষ দুই রাক’আতে এর অর্ধেক পরিমাণ সময় কিয়াম করলেন।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->শেষের দু’ রাক‘আত সংক্ষেপ করা হাঃ-৮০৪

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহর ও ‘‘আসর সালাত কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, আমরা তা নির্ণয় করেছি। আমরা নির্ণয় করি যে, তিনি যুহর সালাত প্রথম দু’ রাক‘আতে ত্রিশ আয়াত পড়ার পরিমান দাঁড়াতেন- যেমন সূরাহ “আলিফ লাম মীম আস-সাজদাহ” ইত্যাদি এবং শেষের দু’ রাক‘আতে তিনি প্রথম দু’ রাক‘আতের চেয়ে অর্ধেক পরিমান দাঁড়াতেন। তিনি যুহরের শেষ দু’ রাক‘আতে যতক্ষণ দাঁড়াতেন ‘আসরের প্রথম দু’ রাক‘আতেও ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন। তিনি আসরের শেষ দু’ রাক‘আতে তার প্রথম দু’ রাক‘আতে অর্ধেক পরিমান সময় দাড়াতেন। সহীহঃ মুসলিম