সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯] হাঃ-৭০১

ইবনু ওয়া’লাহ্‌ আস্‌ সাবায়ী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, আমরা পশ্চিম দেশে থাকি। সেখানে আমাদের কাছে অগ্নিপূজকরা মশক নিয়ে আসে, সেটাতে পানি এবং চর্বি জাতীয় পদার্থ থাকে (আমরা সেগুলো ব্যবহার করব কি?)। তিনি বললেন, তা পান করে নাও। আমি বললাম, এটা কি আপনার নিজের অভিমত? ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, চামড়া পাকা (দাবাগাত) করলেই তা পবিত্র হয়ে যায়। (ই.ফা. ৭০০, ই.সে. ৭১৫)


সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->মৃত জন্তুর চামড়া হাঃ-৪২৪৪

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট মৃত জন্তুর চামড়া সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ দাবাগতকরণই তার পবিত্রতা সাধক।


সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মৃত প্রাণীর চামড়া সম্পর্কে হাঃ-৪১২৫

সালামাহ ইবনুল মুহাব্বিক (রাঃ) থেকে বর্নিতঃ

তাবুক যুদ্ধের সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক বাড়িতে গিয়ে সেখানে একটি ঝুলন্ত মশক দেখে তা হতে পানি চাইলেন। তারা বললেন, হে আল্লাহ্‌র রাসুল! এটা তো মৃত প্রাণীর চামড়ার তৈরি মশক। তিনি বললেনঃ দাবাগাত করলেই এটা পবিত্র হয়ে যায়।