সহিহ বুখারী অঃ->আম্বিয়া কিরাম ('আঃ) বাব->মূসা (‘আঃ)–এর মৃত্যু ও তৎপরবর্তী অবস্থার বর্ণনা। হাঃ-৩৪০৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আদম (‘আঃ) ও মূসা (‘আঃ) তর্ক-বিতর্ক করছিলেন। তখন মূসা (‘আঃ) তাঁকে বলছিলেন, আপনি সেই আদম যে আপনার ভুল আপনাকে বেহেশত হতে বের করে দিয়েছিল। আদম (‘আঃ) তাঁকে বললেন, আপনি কি সেই মূসা যে, আপনাকে আল্লাহ্‌ তাঁর রিসালাত দান এবং বাক্যালাপ দ্বারা সম্মানিত করেছিলেন। অতঃপরও আপনি আমাকে এমন বিষয়ে দোষী করছেন, যা আমার সৃষ্টির আগেই আমার জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’বার বলেছেন, এ বিতর্কে আদম (‘আঃ) মূসা (‘আঃ)–এর ওপর বিজয়ী হন।


সহিহ বুখারী অঃ->জাহ্‌মিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ বাব->আল্লাহ্‌র বাণীঃ এবং মুসা (আঃ) এর সঙ্গে আল্লাহ্‌ সরাসরি বাক্যালাপ করেছিলেন। (সূরা আন্-নিসা ৪/১৬৪) হাঃ-৭৫১৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

বর্নিত যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদাম ও মূসা (আঃ) বিতর্ক করলেন। মূসা (আঃ) বললেন, আপনি সেই আদাম, যিনি নিজ সন্তানদের জান্নাত থেকে বের করে দিলেন। আদাম (আঃ) বললেন, আপনি হচ্ছেন সেই মূসা , যাকে আল্লাহ রিসালাত দিয়ে সম্মানিত করলেন এবং যার সঙ্গে কথা বলে তাঁর মর্যাদাকে বাড়িয়ে দিলেন। আপনি এমন একটি ব্যাপারে কেন আমাকে অভিযুক্ত করছেন, আমাকে পয়দা করারও আগে যেটি নির্ধারিত হয়ে গেছে। এভাবে আদাম (আঃ) মূসা (আঃ) -এর ওপর বিজয়ী হলেন। (আধুনিক প্রকাশনী- ৬৯৯৬, ইসলামিক ফাউন্ডেশন- ৭০০৭)


সহিহ মুসলিম অঃ->তাকদীর বাব->আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর বাক-বিতণ্ডা হাঃ-৬৬৩৬

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ) পরস্পরের বাদানুবাদ করেন। এতে আদাম (‘আঃ) মূসা (‘আঃ)-এর উপর জয়ী হলেন। মূসা (‘আঃ) আদাম-কে বললেন, আপনি তো সে আদাম (‘আঃ) যিনি মানুষদেরকে পথভ্রষ্ট করেছেন এবং জান্নাত হতে তাদেরকে বের করেছেন। তারপর আদাম (‘আঃ) বললেন, আপনি তো সে লোক (নাবী) যাকে আল্লাহ তা‘আলা সকল বস্তুর জ্ঞান দান করেছেন এবং তাকে মনোনীত করে রিসালাতের দায়িত্ব দিয়ে মানুষের নিকট প্রেরণ করেছেন? মূসা (‘আঃ) বললেন, হ্যাঁ। আদাম (‘আঃ) বললেন, আপনি আমাকে এমন একটি বিষয়ে ভর্ৎসনা করেছেন, যা আমার জন্মের আগেই আল্লাহ আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। (ই.ফা. ৬৫০২, ই.সে. ৬৫৫৩)