সহিহ বুখারী অঃ->সাহাবীগণের মর্যাদা বাব->আবু হুযাইফা (রাঃ)-এর আযাদকৃত গোলাম সালিম (রাঃ)-এর মর্যাদা। হাঃ-৩৭৫৮

মাসরূক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আবদুল্লাহ্ ইব্‌নু ‘আমর (রাঃ)-এর মজলিসে ‘আবদুল্লাহ ইব্‌নু মাস’ঊদ (রাঃ)-এর আলোচনা হলে তিনি বললেন, আমি এই লোককে ঐদিন হতে অত্যন্ত ভালবাসি যেদিন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তোমরা চার ব্যক্তি হতে কুরআন শিক্ষা কর, ‘আবদুল্লাহ্ ইব্‌নু মাস’ঊদ সর্বপ্রথম তাঁর নাম বললেন, আবূ হুযাইফা (রাঃ)-এর মুক্ত গোলাম সালিম, ‘উবাই ইব্‌নু কা’ব (রাঃ) ও মু’আয ইব্‌নু জাবাল (রাঃ) থেকে। উবাই (রাঃ) ও মু’আয (রাঃ) এ দু’জনের কার নাম আগে বলেছিলেন সেটুকু আমার স্মরণ নেই। (আধুনিক প্রকাশনীঃ ৩৪৭৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৮৪)


সহিহ বুখারী অঃ->আনসারগণের মর্যাদা বাব->মু’আয ইব্‌নু জাবাল (রাঃ) - এর মর্যাদা। হাঃ-৩৮০৬

আবদুল্লাহ্‌ ইব্‌নু আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে বলতে শুনেছি যে, কুরআন পাঠ শিখ চার জনের নিকট হতেঃ ইব্‌নু মাসউদ, আবূ হুযাইফার আযাদকৃত গোলাম সালিম, উবাই (ইব্‌নু কা’ব) ও মু’আয ইব্‌নু জাবাল (রাঃ) থেকে। (আধুনিক প্রকাশনীঃ ৩৫২৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৩১)


সহিহ বুখারী অঃ->আনসারগণের মর্যাদা বাব->উবাই ইব্‌নু কা‘ব (রাঃ) - এর মর্যাদা। হাঃ-৩৮০৮

মাসরূক (রহঃ) থেকে বর্নিতঃ

যে, ‘আবদুল্লাহ ইব্‌নু আমর (রাঃ) - এর মজলিসে ‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘উদ (রাঃ) – এর আলোচনা হচ্ছিল। তখন তিনি বললেন; তিনি সে ব্যক্তি যাঁকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর বক্তব্য শুনার পর হতে আমি খুব ভালবাসি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কুরআন শিক্ষা কর চারজনের নিকট থেকে, ‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘উদ (সর্ব প্রথম তিনি এ নামটি বললেন), সালিম- আবূ হুযাইফার আযাদকৃত গোলাম, মু‘আয ইব্‌নু জাবাল ও উবাই ইব্‌নু কা‘ব (রাঃ)। (আধুনিক প্রকাশনীঃ ৩৫২৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৩৩)


সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত হাঃ-৬২২৮

মাসরূক (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা ‘আবদুল্লাহ ইবনু ‘আম্রের নিকট গিয়ে তাঁর সাথে কথোপকথন করতাম। একদা আমরা ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদের বর্ণনা করলাম, তিনি বললেন, তোমরা এরূপ এক লোকের বর্ণনা করেছো, যাঁকে অত্র হাদীস শুনার পর হতে আমি ভালবেসে আসছি। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি বলতে শুনেছি, তোমরা চারজনের নিকট কুরআন শিখ। ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ, মু‘আয ইবনু জাবাল, উবাই ইবনু কা‘ব ও আবূ হুযাইফাহ্র ক্রীতদাস সালিমের নিকট হতে। এখানে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বপ্রথম ‘আবদুল্লাহ্‌র নাম বর্ণনা করেন। (ই. ফা. ৬১১১, ই. সে. ৬১৫৩)


সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত হাঃ-৬২৩২

মাসরুক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, তাঁরা ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ)-এর সম্মুখে ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদের কথা উল্লেখ করলে তিনি বললেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এ কথা শুনার পর হতে আমি ঐ ব্যক্তিটিকে ভালবেসে আসছি, “চারজনের নিকট হতে তোমরা কুরআন শিক্ষা গ্রহণ করো- ইবনু মাস‘ঊদ, আবূ হুযাইফার আযাদকৃত গোলাম সালিম, উবাই ইবনু কা’ব ও মু’আজ ইবনু জাবাল (রাঃ)।” (ই. ফা. ৬১১৫, ই. সে. ৬১৫৭)


সহিহ মুসলিম অঃ->‘ইল্‌ম বাব->কুরআনের অস্পষ্ট আয়াতের অনুকরণ নিষিদ্ধ হওয়া ও এর অনুসারীদের হতে সতর্কতা অবলম্বন এবং কুরআনে বর্ণিত বিষয়ে মতভেদ নিষিদ্ধকরণ হাঃ-৬৬৭২

আবূ ‘ইমরান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ছোটবেলা আমরা কূফাতে ছিলাম। তখন জুনদুব (রাঃ) বলেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কুরআন পাঠ করতে থাকো...... তাঁদের দু‘জনের হাদীসের ন্যায়। (ই. ফা. ৬৫৩৭, ই. সে. ৬৫৮৯)


জামে' আত-তিরমিজি অঃ->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা বাব->'আবদুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ)-এর মর্যাদা হাঃ-৩৮১০

আবদুল্লাহ ইবনু 'আম্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা চার লোকের কাছ থেকে কুরআন শিক্ষা করঃ ইবনু মাস'ঊদ, উবাই ইবনু কা'ব, মু'আয ইবনু জাবাল ও হুযাইফাহ্‌র মুক্ত দাস সালিম হতে। সহীহঃ সহীহাহ্‌ (১৮২৭), বুখারী ও মুসলিম।