সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->বিতর সলাতের ওয়াক্ত হাঃ-১৪৩৭

আবদুল্লাহ ইবনু ক্বায়িস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি ‘আয়িশাহ (রাঃ)-কে রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতর সলাত সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি বিতর সলাত কখনো রাতের প্রথমাংশে আবার কখনো শেষাংশে আদায় করেছেন। আমি জিজ্ঞেস করি, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিভাবে ক্বিরাআত করেছেন? তিনি কি নিঃশব্দে পড়তেন নাকি সশব্দে? তিনি বলেন, তিনি কখনো আস্তে এবং কখনো জোরে-উভয় ভাবেই পড়েছেন। তিনি কখনো গোসল করে ঘুমিয়েছেন এবং কখনো উযু করে ঘুমিয়েছেন। সহীহ : মুসলিম। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, কুতাইবাহ ছাড়া অন্যরা ‘স্ত্রী সহবাসের গোসল’ বলেছেন।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->রাতের (তাহাজ্জুদ) নামাযের কিরা’আত হাঃ-৪৪৯

আবদুল্লাহ ইবনু আবূ ক্বাইস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)–কে প্রশ্ন করলাম, রাতের (তাহাজ্জুদ) নামাযে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কিরা’আত কেমন ছিল? তিনি নিরবে কিরা’আত করতেন না সরবে? তিনি (‘আয়িশাহ্‌) বললেন, কখনও তিনি নিচু আওয়াজে এবং কখনও উঁচু আওয়াযে কিরা’আত পাঠ করতেন। আমি বললাম, সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি এ কাজের মধ্যে প্রশস্ততা রেখেছেন। সহীহ। সহীহ আবূ দাঊদ-(১২৯১), মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->কুরআনের ফযিলত বাব->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ক্বিরাআত কিরূপ ছিল হাঃ-২৯২৪

আবদুল্লাহ ইবনু আবূ ক্বাইস (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বিত্‌রের নামায বিষয়ে ‘আয়িশা (রাঃ) কে প্রশ্ন করলাম যে, তিনি কি রাতের প্রথম ভাগে বিতর আদায় করতেন না শেষ ভাগে? তিনি বললেন, তিনি দুই সময়েই তা আদায় করতেন। তিনি কখনো তা রাতের প্রথম ভাগে আদায় করে নিতেন আবার কখনো শেষ রাতে আদায় করতেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ্‌র যিনি এ ব্যাপারে ব্যাপক সুবিধাজনক ব্যবস্থা রেখেছেন। আমি আবার প্রশ্ন করলাম, তাঁর ক্বিরাআত পাঠ কেমন ছিল? তিনি কি তা চুপি চুপি পড়তেন না সশব্দে পড়তেন? তিনি বললেন, উভয়ভাবেই পড়তেন। কখনো তিনি তা চুপে চুপে পড়তেন, আবার কখনো সশব্দে পড়তেন। আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার যিনি এ ব্যাপারে প্রশস্ততর ব্যবস্থা রেখেছেন। আমি আবার প্রশ্ন করলাম, তিনি জানাবাতের (স্ত্রীসহবাস জনিত গোসল) ব্যাপারে কি করতেন? তিনি কি ঘুমিয়ে যাওয়ার পূর্বেই গোসল সারতেন না গোসলের পূর্বেই ঘুমিয়ে যেতেন? তিনি বললেন, তিনি দু’টোই করতেন। তিনি কখনো গোসলের পর ঘুমাতেন আবার কখনো ওযূ করে ঘুমিয়ে যেতেন (জাগ্রত হওয়ার পর গোসল করতেন)। আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহ্‌ তা’আলার যিনি এ ব্যাপারেও প্রশস্ততর ব্যবস্থা রেখেছেন। সহীহঃ সহীহ আবূ দাঊদ (২২২, ১২৯১), মুসলিম, বুখারী শুধু বিত্‌র সংক্রান্ত বিষয় আরো পূর্ণভাবে বর্ণিত হয়েছে।


সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->নিদ্রার পূর্বে গোসল করা হাঃ-৪০৪

আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ কায়স (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলাম, জানাবত অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সবটাই করতেন, অনেক সময় তিনি গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় উযূ করে নিদ্রা যেতেন।