সহিহ বুখারী অঃ->ওজু বাব->বয়সে বড় ব্যক্তিকে মিসওয়াক প্রদান করা। হাঃ-২৪৬

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি (স্বপ্নে) দেখলাম যে, আমি মিসওয়াক করছি। আমার নিকট দু' ব্যক্তি এলেন। একজন অপরজন হতে বয়সে বড়। অতঃপর আমি তাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো, 'বড়কে দাও'। তখন আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম। আবূ 'আবদুল্লাহ বলেন, 'নু'আয়ম, ইব্‌নুল মুবারাক সূত্রে ইব্‌নু ‘উমর (রাঃ) হতে হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেছেন। (মুসলিম ৪২/৪, হাঃ ২২৭১, আহমাদ ৬১০৭) (আধুনিক প্রকাশনীঃ ২৩৯, ইসলামী ফাউন্ডেশনঃ ১৭২ অনুচ্ছেদ)


সহিহ মুসলিম অঃ->স্বপ্ন বাব->নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্বপ্ন হাঃ-৫৮২৬

নাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) এ মর্মে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি ঘুমের মধ্যে আমার একটি দাঁতন দিয়ে মিস্ওয়াক করতে দেখলাম। তখন দু’ লোক আমাকে আকৃষ্ট করল, যাদের একজন অন্যজনের চেয়ে বয়সে বড়। তখন আমি মিস্ওয়াকটি কম বয়সীকে দিতে গেলে আমাকে বলা হলো- ‘বড়কে দিন’, তাই আমি বয়স্ককে দিয়ে দিলাম। (ই.ফা. ৫৭৩৪, ই.সে. ৫৭৬৫)