সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->বাজার বা ব্যবসা কেন্দ্র সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাঃ-২১২০

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সময় বাজারে ছিলেন। তখন এক ব্যক্তি বললেন, এই আবুল কাসিম! নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার দিকে তাকালে তিনি বললেন, আমি তো তাকে ডেকেছি। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা আমার নামে নাম রাখ কিন্তু আমার কুনিয়াতে কুনিয়াত রেখ না। [৭]


সহিহ বুখারী অঃ->খুমুস (এক পঞ্চমাংশ) বাব->আল্লাহ্‌ তাআলার বাণীঃ নিশ্চয় এক পঞ্চমাংশ আল্লাহ্‌র ও রাসূলের। (৮:৪১) তা বন্টনের ইখতিয়ার রাসূলেরই। হাঃ-৩১১৫

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ আল-আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের মধ্যে এক জনের পুত্র জন্মে। সে তার নাম রাখল কাসিম। তখন আনসারগণ বললেন, আমরা তোমাকে আবুল কাসিম কুনীয়াত ব্যবহার করতে দিব না এবং এর দ্বারা তোমার চক্ষু শীতল করব না। সে ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল! আমার একটি পুত্র জন্মেছে। আমি তার নাম রেখেছি কাসিম। তখন আনসারগণ বললেন, আমরা তোমাকে আবুল কাসিম কুনীয়াত ব্যবহার করতে দিব না এবং এর দ্বারা তোমার চক্ষু শীতল করব না। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আনসারগণ ঠিকই করেছে। তোমরা আমার নামে নাম রাখ, কিন্তু কুনীয়াতের মত কুনীয়াত ব্যবহার করো না। কেননা, আমি তো কাসিম (বণ্টনকারী)।’


সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->নবীদের (‘আলাইহি ওয়া সাল্লাম) নামে যারা নাম রাখেন। হাঃ-৬১৯৬

জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আমার নাম রাখ। কিন্তু আমার কুন্ইয়াতে কারো কুন্ইয়াত রেখ না। কেননা আমিই কাসিম। আমি তোমাদের মধ্যে (আল্লাহ্‌র নি‘য়ামাত) বণ্টন করি।(আধুনিক প্রকাশনী- ৫৭৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৫০)


সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ হাঃ-৫৪৮১

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের মাঝে এক লোকের একটি ছেলে সন্তান জন্ম নিল। সে তার নাম রাখল ‘মুহাম্মাদ’। সে সময় তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, আমরা তোমাকে ছাড়ব না রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নামে নাম রাখা হলে। এরপর সে তার সন্তানটিকে পিঠে বয়ে নিয়ে চলল এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল! আমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে আমি তার নাম রাখলাম ‘মুহাম্মাদ’। এতে আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বলছে, আমরা তোমাকে ছাড়ব না রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নামে নাম রাখা হলে। এরপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমার নামে তোমরা নাম রাখো, কিন্তু আমার উপনাম অনুসারে উপনাম রেখো না। কারণ, আমি একমাত্র (আরবি) (বণ্টনকারী); (আল্লাহ প্রদত্ত সম্পদ) তোমাদের মধ্যে বণ্টন করে থাকি। (ই.ফা. ৫৪০৩, ই.সে. ৫৪২৫)


সহিহ মুসলিম অঃ->শিষ্টাচার বাব->‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ হাঃ-৫৪৮৩

হুসায়ন (রহঃ) থেকে বর্নিতঃ

হুসায়ন (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস রিওয়ায়াত করেছেন। “কেননা একমাত্র আমাকে বণ্টনাকারীরূপে পাঠানো হয়েছে; “তোমাদের মধ্যে বণ্টন করার দায়িত্ব পালন করি”- উক্তিটুকু বর্ণনা করেননি। (ই.ফা. ৫৪০৫, ই.সে. ৫৪২৭)