আবদুর রহমান ইবনু আবূ বক্র (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা আমাদের কাছে কিছু মেহমান আসলো। এ সময় রাতের বেলা আবূ বকর (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে কথাবার্তা বলছিলেন। তিনি (আবূ বক্র) আমাদের বলে গেলেন যে, তুমি মেহমানদের থেকে অবসর হওয়ার পর আমি আসবো। ‘আবদুর রহমান মেহমানদের কাছে ফিরে এসে তাদেরকে খাবার দিলেন। মেহমানরা বললেন, আবূ বক্র ফিরে না আসা পর্যন্ত খাবার গ্রহন করবো না। তিনি ফিরে এসে জিজ্ঞেস করলেন, তোমাদের মেহমানদের কি অবস্থা, তাদের খাবার খাইয়েছো? ঘরের লোকেরা বললো, না। আমি বললাম, আমি তাদের খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু তারা আপনাকে ছেড়ে খেতে রাজি হননি। তারা বললেন, আল্লাহ্র শপথ! তিনি (আপনি) ফিরে না আসা পর্যন্ত আমরা খাবো না। মেহমানরা বললেন, ‘আবদুর রহমান সত্যিই বলেছেন। তিনি আমাদের জন্য খাবার এনেছিলেন, কিন্তু আপনি না আসা পর্যন্ত আমরা খেতে রাজি হইনি। তিনি বললেন, কোন জিনিস তোমাদেরকে বাঁধা দিলো? তারা বললেন, আপনার অনুপস্থিতি। আবু বক্র (রাঃ) বললেন, আল্লাহ্র শপথ! আমি আজ রাতে আহার করবো না। তারাও বললেন, আল্লাহ্র শপথ! আপনি না খেলে আমরাও রাতে আহার করবো না। তিনি বললেনঃ আমি এ রাতের মত খারাপ রাত কখনো দেখিনি। তিনি ‘আবদুর রহমানকে বললেন, খাবার নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, তাদেরকে খাদ্য দেয়া হলো। তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, তারাও খেলেন। আমি জানতে পারলাম, তিনি (আবূ বক্র) সকালে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে রাতের ঘটনা বর্ণনা করেন। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ বরং তুমি তাদের চেয়ে অধিক পরহেযগার এবং সত্যবাদী।