আমর ইবনু মুররা (রাহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি যাযানকে বলতে শুনেছি, ইবনু উমার (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, কোন কোন ধরনের পাত্র ব্যবহার করতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বারণ করেছেন এ বিষয়ে আমাকে আপনাদের ভাষায় জানিয়ে দিন এবং তা আমাদের ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘হানতামাহ’ ব্যবহার করতে নিষেধ করেছেন। এটা মাটি দ্বারা বানানো এক প্রকার সবুজ কলস। ‘দুব্বা’ ব্যবহার করতেও তিনি নিষেধ করেছেন। এটা কদুর খোল দ্বারা বানানো পাত্রবিশেষ। তিনি ‘নাকীর’-এর ব্যবহারকেও নিষেধ করেছেন। এটা খেজুর গাছের মূল-কান্ড খুঁড়ে বানানো কাঠের পাত্রবিশেষ। তিনি ‘মুযাফফাত’ ব্যবহার করতেও নিষেধ করেছেন। এটা আলকাতরার প্রলেপযুক্ত পাত্রবিশেষ। তিনি মশকের মধ্যে নাবীয বানানোর আদেশ করেছেন। সহীহ্, সহীহা (২৯৫১), মুসলিম।
যাযান (রহঃ) থেকে বর্নিতঃ
আমি আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)-কে বললামঃ আপনি রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পাত্র সম্বন্ধে যা শ্রবণ করেছেন, তা আমার নিকট বর্ণনা করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন হানতাম (সবুজ কলসি) থেকে যাকে তোমরা জাররা বলে থাক। আর তিনি দুব্বা (কদুর খোল) হতে নিষেধ করেছেন, যাকে তোমরা কার বলে থাক। আর তিনি নাকীর হতে নিষেধ করেছেন; যা খেজুর গাছ হতে নির্মিত পাত্র। আর তিনি মুযাফফাত হতে নিষেধ করেছেন, আর তা হলো আলকাতরা মাখা পাত্র।