সহিহ মুসলিম অঃ->কুরবানী বাব->আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে যাবাহ করা হারাম হওয়া প্রসঙ্গে হাঃ-৫০১৮

আবূ তুফায়ল ‘আমির ইবনু ওয়াসিলাহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) এর কাছে উপস্থিত ছিলাম। এক লোক তাঁর নিকট এসে বলল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আপনাকে আড়ালে কি বলেছিলেন? রাবী বলেন, তিনি রেগে গেলেন এবং বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি। তবে তিনি আমাকে চারটি (বিশেষ শিক্ষণীয়) কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বলল হে আমীরুল মু’মিনীন! সে চারটি কথা কি? তিনি বললেনঃ ১. যে লোক তার পিতা-মাতাকে অভিসম্পাত করে, আল্লাহ তাকে অভিসম্পাত করেন, ২. যে লোক আল্লাহ ব্যতীত ভিন্ন কারো নামে যাবাহ করে আল্লাহ তার উপরও অভিসম্পাত করেন, ৩. ঐ ব্যক্তির উপরও আল্লাহ অভিসম্পাত করেন, যে কোন বিদ‘আতী লোককে আশ্রয় দেয় এবং ৪. যে ব্যক্তি জমিনের (সীমানার) চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার উপরও আল্লাহ অভিসম্পাত করেন। (ই.ফা. ৪৯৬২, ই.সে. ৪৯৬৮)


সহিহ মুসলিম অঃ->কুরবানী বাব->আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে যাবাহ করা হারাম হওয়া প্রসঙ্গে হাঃ-৫০১৯

আবূ তুফায়ল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা ‘আলী (রাঃ) কে বললাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আপনাকে গোপনে যা জানিয়েছেন, সে বিষয়ে আমাদের কিছু বলুন। তিনি বললেন, মানুষের নিকট গোপন রেখেছেন এমন কিছুই তিনি আমার নিকট একান্তে বলেননি। তবে আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যাবাহ করে, আল্লাহ তাকে লা‘নাত করেন; যে লোক কোন বিদ‘আতীকে ঠাই দেয়, আল্লাহ তাকে লা‘নাত করেন; যে লোক আপন পিতা-মাতাকে লা‘নাত করে, আল্লাহ তাকে লা‘নাত করেন এবং যে ব্যক্তি (জমিনের) চিহ্নসমূহ পরিবর্তন করে, আল্লাহ তাকে লা‘নত করেন। (ই.ফা. ৪৯৬৩, ই.সে. ৪৯৬৯)


সুনান নাসাঈ অঃ->কুরবানী বাব->যে আল্লাহ্ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবেহ করে হাঃ-৪৪২২

আমির ইবন ওয়াসিলা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: এক ব্যক্তি আলী (রাঃ)-কে জিজ্ঞাসা করলো: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি আপনাকে গোপনে কিছু বলেছেন, যা অন্য লোককে বলেন নি? এ কথা শুনে আলী (রাঃ) এত রাগান্বিত হলেন যে, তাঁর চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, অন্য লোককে ব্যতীত আমাকে তিনি গোপনে কোন কিছুই বলেন নি। তবে হ্যাঁ, তিনি আমাকে চারটি কথা বলেছেন। তখন আমি এবং তিনিই ঘরে ছিলাম। তিনি বলেন: যে তার পিতাকে লা’নত করে, আল্লাহ্ তাকে লা’নত করেন। আল্লাহ্ তা’আলা লা’নত করেন ঔ ব্যক্তিকে, যে আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে যবেহ করে। আর অল্লাহ্ তা’আলা লা’নত করেন সেই ব্যক্তিকে, যে কোন বিদ’আতীকে আশ্রয় দেয়। আর আল্লাহ তা’আলা লা’নত করেন ঐ ব্যক্তিকে, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে।