সহিহ বুখারী অঃ->কুরবানী বাব->আবূ বুরদাহ্‌কে সম্বোধন করে নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- এর উক্তিঃ তুমি বক্‌রীর বাচ্চাটি কুরবানী করে নাও। তোমার পরে অন্য কারো জন্য এ অনুমতি প্রযোজ্য হবে না। হাঃ-৫৫৫৭

বারা' (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আবূ বুরদাহ (রাঃ) সলাত আদায়ের পূর্বে যবহ্‌ করেছিলেন। তখন নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ এটার বদলে আরেকটি যবহ্‌ কর। তিনি বললেনঃ আমার কাছে একটি ছয়-সাত মাসের বকরীর বাচ্চা ছাড়া কিছুই নেই। শু’বাহ বলেন,আমার ধারণা তিনি আরো বলেছেন যে, বক্‌রীর বাচ্চাটি পূর্ণ এক বছরের বক্‌রীর চেয়ে উত্তম। নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তার স্থলে এটিকেই যবহ্‌ কর। কিন্তু তোমার পরে অন্য কারো জন্য কখনো এ অনুমতি থাকবে না। হাতিম ইবনু ওয়ারদান এ হাদীসটি আইউব, মুহাম্মাদ, আনাস (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) থেকে (দুধের বাচ্চা) শব্দে বর্ণনা করেছেন।(আধুনিক প্রকাশনী- ৫১৫০, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৪৬)


সহিহ মুসলিম অঃ->কুরবানী বাব->কুরবানী করার সময় প্রসঙ্গে হাঃ-৪৯৬৭

বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো সলাত আদায় করা। তারপর আমরা ফিরে গিয়ে কুরবানী করব। যে লোক এরূপ করলো সে আমাদের সুন্নাত পালন করলো। আর যে লোক (সলাতের আগে) যাবাহ করলো, সেটা কেবল গোশ্‌ত (খাওয়ার জন্য) হলো, যা সে নিজের পরিবারের জন্য অগ্রিম ব্যবস্থা করলো। সেটা কুরবানীর কিছুই হলো না। আবূ বুরদাহ্‌ ইবনু নিয়ার (রাঃ) পূর্বেই কুরবানীর নিয়্যাতে যাবাহ করে ফেলেছিলেন। তাই তিনি বললেন, আমার কাছে একটি ছয় মাসের বকরীর বাচ্ছা আছে যা এক বছরের বাচ্চার চেয়েও হৃষ্টপুষ্ট। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি সেটিই কুরবানী করো। তোমার পরে আর কারো জন্য এটা যথেষ্ট হবে না। (ই.ফা. ৪৯১৩, ই.সে. ৪৯১৭)