সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->খাদ্য শস্য বিক্রয় করা ও তা মজুতদারী সম্পর্কে যা উল্লেখ করা হয়। হাঃ-২১৩৪

মালিক ইবনু আওস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি ঘোষণা দিলেন যে, কে সারফ এর বেচা-কেনা (দিরহাম এর বিনিময়ে দীনার এর বেচা-কেনা) করবে? তালহা (রাঃ) বললেন, আমি করব। অবশ্য আমার পক্ষের বিনিময় প্রদানে আমার হিসাবরক্ষক গা’বা (এলাকা) হতে ফিরে আসা পর্যন্ত দেরি হবে। (বর্ণনাকারী) সুফইয়ান (রহঃ) বলেন, আমি যুহরী (রহঃ) হতে এটুকু মনে রেখেছি, এর হতে বেশী নয়। এরপর যুহরী (রহঃ) বলেন, মালিক ইবনু আওস (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি ‘উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করতে শুনেছেন যে, তিনি বলেছেন, নগদ হাতে হাতে বিনিময় ছাড়া সোনার বদলে সোনা বিক্রি, গমের বদলে গম বিক্রি, খেজুরের বদলে খেজুর বিক্রি, যবের বদলে যব বিক্রি করা সুদ হিসাবে গণ্য। (২১৭০, ২৭৭৪, মুসলিম ২২/১৫, হাঃ ১৫৮৬, আহমাদ ১৬২) (আ.প্র. ১৯৮৬, ই.ফা. ২০০১)


সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->খেজুরের পরিবর্তে খেজুর বিক্রয় করা হাঃ-২১৭০

‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, হাতে হাতে (নগদ নগদ) ছাড়া গমের বদলে গম বিক্রি করা সুদ, নগদ নগদ ছাড়া যবের বদলে যব বিক্রয় সুদ, নগদ নগদ ব্যতীত খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয় সুদ।


সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->যবের বদলে যব (বার্লির বদলে বার্লি) বিক্রয় করা। হাঃ-২১৭৪

মালিক ইবনু আওস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি একশ’ দীনারের বিনিময়ে সার্‌ফ এর জন্য লোক সন্ধান করছিলেন। তখন তালহা ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) আমাকে ডাক দিলেন। আমরা বিনিময় দ্রব্যের পরিমাণ নিয়ে আলোচনা করতে থাকলাম। অবশেষে তিনি আমার সঙ্গে সার্‌ফ [১২] করতে রাজী হলেন এবং আমার হতে স্বর্ণ নিয়ে তার হাতে নাড়া-চাড়া করতে করতে বললেন, আমার খাযাঞ্চী গাবা (নামক স্থান) হতে আসা পর্যন্ত (আমার জিনিস পেতে) দেরী করতে হবে। ঐ সময়ে ‘উমর (রাঃ) আমাদের কথা-বার্তা শুনছিলেন। তিনি বলে উঠলেন, আল্লাহর কসম! তার জিনিস গ্রহণ না করা পর্যন্ত তুমি তার হতে বিচ্ছিন্ন হতে পারবে না। কারণ, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নগদ নগদ না হলে স্বর্ণের বদলে স্বর্ণের বিক্রয় (সুদ) হবে। নগদ নগদ ছাড়া গমের বদলে গমের বিক্রয় সুদ হবে। নগদ নগদ ছাড়া যবের বদলে যবের বিক্রয় রিবা হবে। নগদ নগদ না হলে খেজুরের বদলে খেজুরের বিক্রয় সুদ হবে।


সুনানে আবু দাউদ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->মুদ্রার আন্ত-বিনিময় প্রসঙ্গ হাঃ-৩৩৪৮

উমার (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বর্ণের বিনিময় স্বর্ণের সাথে যদি উভয় পক্ষ হতে নগদ আদান-প্রদান না হয়, তবে তা সুদের অন্তর্ভুক্ত হবে। গমের বিনিময় গমের সাথে, যদি উভয় পক্ষ হতে (সমান) আদান-প্রদান না হয়, তবে তা সুদের অন্তর্ভুক্ত হবে। খেজুরের বিনিময় খেজুরের সাথে, যদি উভয় পক্ষ হতে নগদ লেনদেন (সম-পরিমাণ) না হয়, তবে তা সুদের অন্তর্ভুক্ত। যবের বিনিময় যবের সাথে, যদি উভয় পক্ষ হতে নগদ লেনদেন (সম-পরিমাণ) না হয়, তবে তা সুদের অন্তর্ভুক্ত। সহীহ : ইবনু মাজাহ (২২৫৩)।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->মুদ্রার নগদ বিনিময় এবং যে সব বস্তু কম-বেশী করে বিনিময় করা জায়েয নয়। হাঃ-২২৫৩

উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নগদ আদান প্রদান না হলে সোনার বিনিময়ে স্বর্ণমুদ্রা গ্রহণ সুদের অন্তর্ভুক্ত। গমের বিনিময়ে গম নগদ বিনিময় না হলে সূদ হবে। বার্লির সাথে বার্লির নগদ বিনিময় না হলে সূদ হবে। খেজুরের সাথে খেজুরের নগদ বিনিময় না হলে সূদ হবে। [২২৫৩]


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->সোনার সাথে রুপার বিনিময়। হাঃ-২২৫৯

উমার(রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নগদ লেনদেন না হলে সোনার সাথে রুপার (বাকীতে) বিনিময় সুদের অন্তর্ভুক্ত। আবূ বাকর বিন আবূ শাইবা (রাঃ) বলেন, আমি সুফিয়ান (রাঃ) কে বলতে শুনেছি, তোমরা মনে রেখো, সোনার সাথে রুপার বিনিময়। [২২৫৯]


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->সোনার সাথে রুপার বিনিময়। হাঃ-২২৬০

উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিতঃ

(মালিক) বলেন, আমি একথা বলতে বলতে সামনে অগ্রসর হলাম, কে রৌপ্য মুদ্রা বদল করবে? তালহা বিন উবাইদুল্লাহ (রাঃ) তখন উমার ইবনুল খাত্তাব(রাঃ)- এর নিকট উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদেরকে তোমার সোনা দেখাও এবং (কিছুক্ষণ পর) আমাদের নিকট এসো। আমাদের কোষাধ্যক্ষ এসে গেলেই (তোমাকে তোমার প্রাপ্য) রুপা দিয়ে দিবো। তখন উমার (রাঃ) বলেন কক্ষনো নয়। আল্লাহর শপথ! হয় এখনই তুমি তাকে রৌপ্য মুদ্রা দিয়ে দাও, নতুবা তার সোনা তাকে ফেরত দাও। কেননা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ নগদ আদান-প্রদান না হলে সোনার সাথে রুপার বিনিময়ে সুদ হবে। [২২৬০]


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->খেজুরের বিনিময়ে খেজুর কমবেশি করে বিক্রী হাঃ-৪৫৫৮

হযরত উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রূপার বিনিময়ে সোনা (বিক্রী) সুদ, যদি না নগদ লেনদেন হয়। গমের বিনিময়ে গম সুদ, যদি না নগদ লেনদেন হয়, যবের বিনিময়ে যব সুদ, যদি না নগদ লেনদেন হয়, খোরমার বিনিময়ে খোরমা সুদ, যদি না নগদ লেনদেন হয়।