সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম হাঃ-৩৭২৪

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ওলান ফুলানো বকরী ক্রয় করবে, তিন দিন পর্যন্ত তার জন্য ইচ্ছার স্বাধীনতা থাকবে। সে যদি উক্ত বকরী ফেরত দেয় তবে তার সাথে এক সা’ খাদ্য বস্তুও দিবে। এজন্য উৎকৃষ্ট গম দিতে হবে এমনটি নয়। (ই.ফা. ৩৬৯০, ই.সে. ৩৬৯০)


সুনানে আবু দাউদ অঃ->ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) বাব->আটকানো দুধে পশুর পালান ফুলানো দেখে ক্রয়ের পর তা অপছন্দ হলে হাঃ-৩৪৪৪

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী বলেনঃ যে ব্যক্তি স্তন ফুলানো বকরী কিনবে তার জন্য তিন দিন পর্যন্ত অবকাশ থাকবে। ইচ্ছা করলে সে তা ফেরত দিবে। (ফেরতের সময়) সাথে এক সা‘ খাদ্যদ্রব্যও দিবে, তবে উন্নত মানের গম দিবে না। সহীহ: ইবনু মাজাহ (২২৩৯)।


সুনানে ইবনে মাজাহ অঃ->ব্যবসা-বাণিজ্য বাব->(দুধ আটকে রেখে) স্তন ফুলানো পশু বিক্রয় করা। হাঃ-২২৩৯

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি স্তনে দুধ আটকে রাখা জন্তু ক্রয় করলো, তাঁর জন্য তিন দিনের এখতিয়ার আছে(ক্রয় বহাল রাখা বা না রাখার)। সে তা ফেরত দিলে তাঁর এক সা খেজুরও দিবে, গম নয়। [২২৩৯]


জামে' আত-তিরমিজি অঃ->ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য বাব->দুধ জমিয়ে স্তন ফুলানো পশুর বর্ণনা হাঃ-১২৫১

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (দুধ জমা করে) স্তন ফুলানো পশু যদি কোন ব্যক্তি কিনে তবে তার জন্য (ক্রয় বাতিল করার) স্বাধীনতা আছে। সে চাইলে দুধ দোহনের পর তা ফেরত দিতে পারবে। তবে তাকে এর সাথে এক সা খেজুরও দিতে হবে। সহীহ্‌ ইবনু মা-জাহ (২২৩৯), নাসা-ঈ


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->বিক্রয় করাকালে ক্রেতাকে দেখানোর জন্য ওলানে দুধ দুই/তিন দিন আটকে রেখে ওলান বড় দেখানো, যাতে ক্রেতা বেশী দাম দেয় হাঃ-৪৪৮৯

মুহাম্মদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি, আবুল কাসিম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি এমন পশু খরিদ করে যার ওলানে দুধ আটকিয়ে রাখা হয়েছে, তবে তিনদিন পর্যন্ত তার ইখতিয়ার থাকবে, যদি সে রাখতে চায় রেখে দিবে, আর যদি ফেরত দিতে চায় ফেরত দিবে। তবে ফেরত দিলে তার সাথে এক সা’ খেজুর দিয়ে দিবে, গম নয়।