সহিহ বুখারী অঃ->সালাত বাব->জামা’য়াত ব্যতীত স্তম্ভসমূহের মাঝখানে সালাত আদায় করা। হাঃ-৫০৫

আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আর উসামা ইব্‌নু যায়দ, বিলাল এবং উসমান ইব্‌নু তালহা হাজাবী (রাঃ) কা’বায় প্রবেশ করলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর প্রবেশের সাথে সাথে উসমান (রাঃ) কা’বার দরজা বন্ধ করে দিলেন। তাঁরা কিছুক্ষণ ভিতরে ছিলেন। বিলাল (রাঃ) বের হলে আমি তাঁকে বললামঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কী করলেন? তিনি বললেনঃ একটা খুঁটি বাম দিকে, একটা খুঁটি ডান দিকে আর তিনটা খুঁটি পেছনে রাখলেন। আর তখন বায়তুল্লাহ্‌ ছিল ছয়টি খুঁটি বিশিষ্ট। অতঃপর তিনি সালাত আদায় করলেন। [ইমাম বুখারী (রহঃ) বলেন] ইসমাঈল (রহঃ) আমার নিকট বর্ণনা করেন যে, ইমাম মালিক (রহঃ) বলেছেন যে, তাঁর (নবীর) ডান পাশে দু’টো স্তম্ভ ছিল। (আধুনিক প্রকাশনীঃ ৪৭৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮১)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->কা‘বার অভ্যন্তরে সলাত আদায় করা হাঃ-২০২৩

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কা‘বার ভেতরে প্রবেশ করলেন। এ সময় তার সাথে ছিলেন উসামাহ ইবনু যায়িদ, ‘উসমান ইবনু ত্বালহা আল-হাজাবী ও বিলাল (রাঃ)। তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন। ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) বলেন, দরজা খুলে বাইরে এলে আমি বিলাল (রাঃ)-কে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভেতরে কি করছেন? তিনি বললেন, তিনি একটি স্তম্ভ তাঁর বামদিকে, দুটি স্তম্ভ ডানদিকে এবং তিনটি স্তম্ভকে পিছনে রেখে সলাত আদায় করছেন। এ সময় বায়তুল্লাহ মোট ছটি স্তম্ভের উপর স্থাপিত ছিলো। [২০২৩]


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->এর পরিমাণ হাঃ-৭৪৯

আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উসামা ইব্‌ন যায়দ, বিলাল ও উসমান ইব্‌ন তালহা হাজাবী কা’বায় প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন। আবদুল্লাহ ইব্‌ন উমর বলেন : বিলাল যখন বের হলেন তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেখানে কি করলেন? তিনি বললেন, তিনি একটি খুঁটি তাঁর বামদিকে, দু’টি খুঁটি তাঁর ডানদিকে রাখলেন আর তিনটি খুঁটি তাঁর পেছনে রাখলেন। আর বায়তুল্লাহ তৎকালে ছয়টি খুঁটির উপর ছিল, তারপর তিনি সালাত আদায় করলেন। তিনি তাঁর এবং দেয়ালের মধ্যস্থলে প্রায় তিন হাত ব্যবধান রাখলেন।