সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->‘আরাফায় সওয়ারীর উপর অবস্থান করা। হাঃ-১৬৬১

উম্মু ফাযল বিনত হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

লোকজন তাঁর সামনে ‘আরাফার দিনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সওম সম্পর্কে মতভেদ করছিলেন। কেউ বলছিলেন তিনি সায়িম আবার কেউ বলছিলেন তিনি সায়িম নন। অতঃপর আমি তাঁর কাছে এক পিয়ালা দুধ পাঠিয়ে দিলাম, তিনি তখন উটের উপর উপবিষ্ট ছিলেন, তিনি তা পান করে নিলেন। (১৬৫৮) (আঃপ্রঃ ১৫৪৯, ইঃফাঃ ১৫৫৫)


সহিহ বুখারী অঃ->সাওম বাব->‘আরাফাতের দিবসে সওম করা। হাঃ-১৯৮৮

উম্মুল ফাযল বিনতে হারিস (রাঃ) থেকে বর্নিতঃ

কিছু সংখ্যক লোক ‘আরাফাতের দিনে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সওম পালন সম্পর্কে তাঁর কাছে সন্দেহ প্রকাশ করে। তাদের কেউ বলল, তিনি সওম পালন করেছেন। আর কেউ বলল, না, তিনি করেন নি। এতে উম্মুল ফাযল (রাঃ) এক পেয়ালা দুধ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট পাঠিয়ে দিলেন এবং তিনি তা পান করে নিলেন। এ সময় তিনি উটের পিঠে (‘আরাফাতে) উকূফ অবস্থায় ছিলেন।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->আরাফাহর দিন আরাফাহর ময়দানে সওম পালন প্রসঙ্গ হাঃ-২৪৪১

আল-হারিস কন্যা উম্মুল ফাদল (রাঃ) থেকে বর্নিতঃ

আরাফাহর দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওম পালন করেছেন কিনা এ নিয়ে কতিপয় লোক তার নিকট বিতর্ক করেন। তাদের কেউ বললেন, তিনি সওম রেখেছেন, আবার কতিপয় বললেন, তিনি সওম রাখেননি। সুতরাং আমি তাঁর কাছে এক পেয়ালা দুধ পাঠালাম, তখন তিনি তাঁর উষ্ট্রীর পিঠের উপর আরাফাহতে অবস্থান করছিলেন। তিনি দুধটুকু পান করলেন।