‘আবদুর রহমান ইব্নু আবূ লাইলাহ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, সাহ্ল ইব্নু হুনাইফ ও কায়স ইব্নু সা’দ (রাঃ) কাদিসিয়াতে উপবিষ্ট ছিলেন, তখন লোকেরা তাদের সামনে দিয়ে একটি জানাযা নিয়ে যাচ্ছিল। (তা দেখে) তারা দাঁড়িয়ে গেলেন। তখন তাদের বলা হল, এটা তো এ দেশীয় জিম্মী ব্যক্তির (অমুসলিমের) জানাযা। তখন তারা বললেন, (একদা) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হল, এটা তো এক ইয়াহুদীর জানাযা। তিনি এরশাদ করলেনঃ সে কি মানুষ নয়? [১৯]
ইবন আবূ লাযলাহ (রহ.) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি সাহল এবং কায়স (রাঃ) এর সঙ্গে ছিলাম। তখন তারা দু'জন বললেন,আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ছিলাম। জাকারিয়া (রহঃ) সূত্রে ইবনু আবূ লাযলাহ (রহঃ) হতে বর্ণনা করেন,আবূ মাস'উদ ও কায়স (রাঃ) জানাযা যেতে দেখলে দাড়িয়ে যেতেন।
ইসমাঈল ইব্ন মাসঊদ (রহঃ) থেকে বর্নিতঃ
সহল ইব্ন হুনায়ফ ও কায়স ইব্ন সা’দ ইব্ন উবাদাহ্ (রাঃ) কাদিসিয়ায় ছিলেন। তাঁদের নিকট দিয়ে একটি জানাযা যাওয়ার সময় তাঁরা দাঁড়িয়ে গেলেন, এখন তাঁদেরকে বলা হলো, “এতো যিম্মীর (আশ্রিত বিধর্মী) লাশ” , তখন তারা বললেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হল, “সে তো ইয়াহুদী”, তিনি বললেন, সে কি মানুষ নয়?