সহিহ বুখারী অঃ->ঈমান বাব->জানাযার পিছে পিছে যাওয়া ঈমানের অন্তর্ভুক্ত। হাঃ-৪৭

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যের আশায় কোন মুসলমানের জানাযার অনুগমন করে এবং তার সালাত-ই-জানাযা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে দুই কীরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কীরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাযা আদায় করে, তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে, সে এক কীরাত সওয়াব নিয়ে ফিরবে। ‘উসমান আল-মুয়ায্‌যিন (রহঃ)....আবূ হুরাইরা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (১৩২৩, ১৩২৫) (আধুনিক প্রকাশনীঃ ৪৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->জানাযায় অংশগ্রহণ ও লাশের অনুগমনের ফযীলাত হাঃ-৩১৬৯

দাউদ ইবনু ‘আমির ইবনু সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রহঃ) হতে তার পিতার সুত্র থেকে বর্নিতঃ

একদা দাউদের পিতা ‘আমির (রাঃ) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনুল খাত্তাবের (রাঃ) কাছে উপস্থিত ছিলেন। এমন সময় ক্ষুদ্র কুটিরবাসী খাব্বাব (রাঃ) এসে উপস্থিত হয়ে বললেন, হে আবদুল্লাহ ইবনু উমার! আবূ হুরায়রা (রাঃ) কি বলছেন তা কি আপনি শুনেছেন? তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি মৃতের ঘর থেকে রওয়ানা হয়ে তার পিছনে পিছনে যায় এবং তার জানাযা পড়ে...অতঃপর সুফিয়ান হাদিসের অনুরূপ। ইবনু ‘উমার (রাঃ) ‘আয়িশাহর (রাঃ) কাছে লোক পাঠালে তিনি বললেন, আবূ হুরায়রা ঠিকই বলেছেন।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার অনুগমণকারীদের ফযীলত হাঃ-১৯৪০

মুসাইয়াব ইব্‌ন রাফি (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বারা ইব্‌ন আযিব (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি জানাযার সালাত আদায় করা পর্যন্ত জানাযার অনুগমন করে তার জন্য এক কীরাত সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাযার অনুগামী হয় তার জন্য দুই কীরাত সওয়াব রয়েছে। এক কীরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ।