সহিহ বুখারী অঃ->পথে আটকে পড়া ও ইহ্‌রাম অবস্থায় শিকারকারীর বিধান বাব->যারা বলেন, বাধাপ্রাপ্ত ব্যক্তির উপর কাযা আবশ্যক নয়। হাঃ-১৮১৩

নাফি‘ (রহঃ) থেকে বর্নিতঃ

(মক্কা মুকার্‌রামায়) গোলযোগ চলাকালে ‘উমরাহ্‌’র নিয়ত করে ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) যখন মক্কার দিকে রওয়ানা হলেন, তখন বললেন, বাইতুল্লাহ্‌ হতে যদি আমি বাধাপ্রাপ্ত হই তাহলে তাই করব যা করেছিলাম আমরা আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে। তাই তিনি ‘উমরাহ্‌’র ইহরাম বাঁধলেন। কারণ, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -ও হুদাইবিয়ার বছর ‘উমরাহ্‌’র ইহরাম বেঁধেছিলেন। অতঃপর ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) নিজের ব্যাপারে ভেবে চিন্তে বললেন, উভয়টিই (হজ্জ ও ‘উমরা) এক রকম। এরপর তিনি তাঁর সাথীদের প্রতি লক্ষ্য করে বললেন, উভয়টি তো একই রকম। আমি তোমাদের সাক্ষী করে বলছি, আমি আমার উপর ‘উমরাহ্‌’র সাথে হজ্জকে ওয়াজিব করে নিলাম। তিনি উভয়টির জন্য একই তাওয়াফ করলেন এবং এটাই তাঁর পক্ষ হতে যথেষ্ট মনে করেন, আর তিনি কুরবাণীর পশু সঙ্গে নিয়েছিলেন।


সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->হুদাইবিয়াহ্‌র যুদ্ধ। হাঃ-৪১৮৩

নাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ

ফিতনার সময় (হাজ্জাজ ইবনু ইউসুফের মাক্কাহ আক্রমণের সময়) ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) ‘উমরাহ্‌র ইহরাম বেঁধে রওয়ানা হয়ে বললেন, যদি আমাকে বাইতুল্লাহ্‌য় যেতে বাধা দেয়া হয় তাহলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে আমরা যা করেছিলাম তাই করব। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেহেতু হুদাইবিয়াহ্‌র বছর ‘উমরাহ্‌র ইহরাম বেঁধে রওয়ানা করেছিলেন তাই তিনিও ‘উমরাহ্‌র ইহ্‌রাম বেঁধে রওয়ানা করলেন। [১৬৩৯] (আ.প্র. ৩৮৬৪, ই.ফা. ৩৮৬৭)