মু’আবিয়া (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহ্র দ্বীনের উপর অটল থাকবে। তাদেরকে যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোন ক্ষতি করতে পারবে না। এমনকি কিয়ামত আসা পর্যন্ত তাঁরা এই অবস্থার উপর থাকবে। ‘উমাইর ইব্ন হানী (রহঃ) মালিক ইব্ন ইউখামিরের (রহঃ) বরাত দিয়ে বলেন, মু’আয (রাঃ) বলেছেন, ঐ দলটি সিরিয়ায় অবস্থান করবে। মু’আবিয়া (রহঃ) বলেন, মালিক (রহঃ) -এর ধারণা যে ঐ দলটি সিরিয়ায় অবস্থান করবে বলে মু’আয (রাঃ) বলছেন। (৭১) (আ.প্র. ৩৩৭০, ই.ফা. ৩৩৭৭)
উমায়র ইবন হানী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি মুআবিয়া (রাঃ)-কে মিম্বরের উপর (আসীন অবস্থায়) বলতে শুনেছি "আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি যে, আমার উম্মাতের একটি জামাআত আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের সঙ্গ (সহায়তা) ত্যাগ করবে বা বিরোধিতা করবে, তারা তাদের কোনই অনিষ্ট সাধন করতে পারবে না। এভাবে আল্লাহর আদেশ (তথা কিয়ামত) এসে পড়বে আর তারা তখনও লোকের উপর বিজয়ী থাকবে। ”