সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->মহিলার সাথে কেনা-বেচা জায়িয হাঃ-২১৫৬

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

‘আয়িশা (রাঃ) বারীরার দরদাম করেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতের উদ্দেশ্যে বের হয়ে যান। যখন ফিরে আসেন তখন ‘আয়িশা (রাঃ) তাঁকে বললেন যে, তারা (মালিক পক্ষ) ওয়ালা এর শর্ত ছাড়া বিক্রি করতে রাযী নয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ওয়ালা তো তারই, যে আযাদ করে। রাবী হাম্মাম (রহঃ) বলেন, আমি নাফি (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, বারীরার স্বামী আযাদ ছিল, না দাস? তিনি বললেন, আমি কি করে জানব?


সহিহ বুখারী অঃ->মুকাতাব (চুক্তিবদ্ধ দাসের বর্ণনা) বাব->মুকাতাবের সমর্থন সাপেক্ষে তাকে বিক্রয় করা। হাঃ-২৫৬৪

‘আম্‌রাহ বিনতু আবদুর রহমান (রহঃ) থেকে বর্নিতঃ

বারীরা (রাঃ) একবার উম্মুল মু’মিনীন ‘আয়িশা (রাঃ)-এর কাছে সাহায্য চাইতে আসলেন। তখন তিনি বললেন, তোমার মালিক পক্ষ চাইলে আমি তাদের এক সাথেই তোমার মূল্য দিয়ে দিব এবং তোমাকে মুক্ত করে দিব। বারীরা (রাঃ) মালিক পক্ষকে তা বললেন, কিন্তু জবাবে তারা বলল, তোমার ওয়ালা আমাদের থাকবে; এছাড়া আমরা সম্মত নই। (রাবী) মালিক (রহঃ) বলেন, ইয়াহ্ইয়া (রহঃ) বলেন, আম্‌রা (রহঃ) ধারণা করেন যে, ‘আয়িশা (রাঃ) রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে তা উত্থাপন করেছিলেন, তখন রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, তুমি তাকে খরিদ করে মুক্ত করে দাও। কেননা, ওয়ালা তারই হবে, যে মুক্ত করে।


সহিহ বুখারী অঃ->উত্তরাধিকার বাব->যে আযাদ করবে অভিভাবকত্ব হল তার। এবং লা-ওয়ারিশ সন্তানের মীরাস।‘উমার (রাঃ) বলেন, লাকীত (কুড়িয়ে পাওয়া) ব্যক্তি আযাদ। হাঃ-৬৭৫২

ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

ইব্‌নু ‘উমার (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ দাস-দাসীর পরিত্যক্ত সম্পদের মালিক হবে যে তাকে আযাদ করবে।(আধুনিক প্রকাশনী- ৬২৮৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৯৬)


সহিহ বুখারী অঃ->উত্তরাধিকার বাব->নারীরাও ওয়ালার ওয়ারিস হয়। হাঃ-৬৭৫৯

ইব্‌নু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, 'আয়িশা (রাঃ) বারীরাকে কিনতে চাইলেন। তিনি নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)- এর কাছে বললেন যে, ওয়ালা তাদেরই থাকবে বলে শর্ত করছে। তখন নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তাকে কিনে নাও। কারণ, ওয়ালা তার, যে আযাদ করে।(আধুনিক প্রকাশনী- ৬২৯১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩০৩)


সুনান নাসাঈ অঃ->তালাক বাব->যে ইখতিয়ারপ্রাপ্তা স্বামীকে গ্রহণ করে হাঃ-৩৪৪৯

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি বারীরা (রাঃ)-কে ক্রয় করতে চাইলে তাঁর মনিবরা তাঁর ‘ওয়ালা’(মীরাছ) দাবী করলো। আমি নবী (সাঃ) এর নিকট এটি উল্লেখ করলে, তিনি বললেনঃ তুমি তাকে আযাদ করে দাও। কেননা ‘ওয়ালা’ (মীরাছ) যে অর্থ প্রদান করে (মুক্ত করে), সে-ই পাবে। তখন আমি তাকে আযাদ করে দিলাম। এর পর রাসুলুল্লাহ (সাঃ)তাকে ডেকে তাঁর স্বামী সম্বন্ধে তাকে ইখতিয়ার দিলেন, সে বারীরা (রাঃ) বললেনঃ যদি সে (স্বামী) এত এতও দান করে, তা হলেও আমি তাঁর নিকট থাকব না। সে নিজেকে গ্রহণ করলো, তখন তাঁর স্বামী ছিল স্বাধীন।