সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সলাতের মধ্যে দু‘আ করা সম্পর্কে হাঃ-৮৮২

আবূ সালামাহ্ (রাঃ) হতে আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একদা রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে আমরা সলাতে দাঁড়ালাম। সলাতের মধ্যেই এক বেদুইন বললোঃ ‘হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও আমার উপর রহমাত বর্ষণ করুন এবং আমাদের সাথে অন্যদের উপর রহমাত করবেন না।’ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাম ফিরিয়ে ঐ বেদুইনকে বললেনঃ তুমি প্রশস্ত বস্তুকে সংকীর্ণ করে ফেলেছো। অর্থাৎ মহান আল্লাহ রহমাত প্রশস্ত। সহীহঃ বুখারী।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে কথা বলা হাঃ-১২১৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (একদা) সালাতে দাঁড়ালেন আমরাও তাঁর সঙ্গে দাঁড়ালাম, তখন এক বেদুঈন সালাতরত অবস্থায় বলে উঠলো, "ইয়া আল্লাহ! তুমি আমার এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর রহম কর, আর আমাদের সাথে আর কারোর উপর রহম করো না।" রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাম ফিরালে ঐ বেদুঈনকে বললেন, তুমি একটি প্রশস্ত বস্তুকে সংকুচিত করে দিলে। এর দ্বারা তিনি আল্লাহর রহমতকে বুঝিয়েছেন। [১]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে কথা বলা হাঃ-১২১৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

এক বেদুঈন (একদা) মসজিদে প্রবেশ করল এবং দু'রাকআত সালাত আদায় করে বললো, "ইয়া আল্লাহ! তুমি আমার ও মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর রহম কর এবং আমাদের সাথে আর কারো উপর রহম করো না।" রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি একটি প্রশস্ত বস্তুকে সংকুচিত করে দিলে।