সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->পরচুলা লাগানো প্রসঙ্গে। হাঃ-৫৯৩৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু আবূ শাইবাহ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। আল্লাহ্‌ তা’আলা লা’নত করেন সে সব নারীদেরকে যারা নিজে পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ-প্রত্যঙ্গে উলকি আঁকে এবং অন্যকে করিয়ে দেয়।(আধুনিক প্রকাশনী- ৫৫০০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৫)


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->পরচুলা লাগানো প্রসঙ্গে। হাঃ-৫৯৩৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ ঐ নারীর উপর লা’নত করেন, যে পরচুলা লাগায়, আর অপরকে পরচুলা লাগিয়ে দেয়। আর সে নারী উল্‌কি অঙ্কণ করে এবং যে তা করায়। নাফি’ বলেনঃ উল্‌কি অঙ্কণ হয় উঁচু মাংসের উপরে। [৫৯৪০, ৫৯৪২, ৫৯৪৭; মুসলিম ৩৭/৩৩, হাঃ ২১২৪, আহমাদ ৪৭২৪] আধুনিক প্রকাশনী- ৫৫০৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৯)


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->পরচুলা লাগানো সম্পর্কিত। হাঃ-৫৯৪১

আসমা (বিন্‌ত আবূ বকর) (রাঃ) থেকে বর্নিতঃ

এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহ্‌র রসূল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাব? তিনি বললেনঃ পরচুলা লাগিয়ে দেয় ও পরচুলা লাগিয়ে নেয় এমন নারীকে আল্লাহ্‌ অভিশাপ দিয়েছেন। [৫৯৩৫; মুসলিম ৩৭/৩৩, হাঃ ২১২২, আহমাদ ২৪৮৫৮] আধুনিক প্রকাশনী- ৫৫০৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪০৩)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ হাঃ-৫৪৫৮

আসমা বিনতু আবূ বাকর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আমার এক সদ্য বিবাহিতা মেয়ে হাম রোগে ভুগছে। এতে তার চুল ঝরে গেছে। আমি কি তাকে পরচুল লাগিয়ে দিব? তখন তিনি বললেন, পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনীদের (মহিলাদের) আল্লাহ তা‘আলা অভিসম্পাত করেছেন। (ই.ফা. ৫৩৮২, ই.সে. ৫৪০২)


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->পরচুলা সংযোগকারিণী ও উল্কি অংকনকারিণী । হাঃ-১৯৮৮

আসমা' (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বললো, আমার মেয়ের সদ্য বিবাহ হয়েছে, কিন্তু রোগের কারণে তার মাথার চুল ঝরে গেছে। আমি কি তার মাথায় কৃত্রিম চুল জোড়া দিবো? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে নারী পরচুলা সংযোজন করে এবং যে সংযোজন করায়, আল্লাহ্ তাদের উভয়কে অভিসম্পাত করেন। [১৯৮৮]


জামে' আত-তিরমিজি অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->পরচুলা ব্যবহার প্রসঙ্গে হাঃ-১৭৫৯

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পরচুলা (কৃত্রিম চুল) সংযোগকারিণী ও ব্যবহারকারিণী এবং উল্কি অঙ্কনকারিণী ও যে তা অঙ্কন করায়, এদেরকে আল্লাহ তা’আলা অভিসম্পাত করেছেন। নাফি (রহঃ) বলেন, সাধারণতঃ নিচের মাড়িতেই আঁকা হয়। সহীহ্‌, ইবনু মা-জাহ (১৯৮৭), নাসা-ই


জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->পরচুলা প্রস্তুতকারিনী ও ব্যবহারকারিনী এবং উলকি উৎকীর্ণকারিনী ও যে উৎকীর্ণ করায় হাঃ-২৭৮৩

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে পরচুলা বানায় এবং যে তা ব্যবহার করে, যে উলকি আঁকে এবং অন্যকে দিয়ে আঁকায়, আল্লাহ তা'আলা তাদেরকে লা'নাত করেছেন। নাফি' ( রাহ:) বলেন, উলকি আঁকা হয় সাধারণত : নীচের মাড়িতে। সহীহ : ইবনু মা-জাহ (১৯৮৭), বুখারি ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->যে নারী চুল যোজনা করায় হাঃ-৫০৯৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলা চুলে জোড়াদানকারিনী এবং যার চুলে জোড়া দেওয়া হয় সকলকে লা’নত করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->যে পরচুলা লাগিয়ে দেয় এবং যে লাগাতে বলে, তার উপর লা'নত হাঃ-৫২৫০

আসমা (রাঃ) থেকে বর্নিতঃ

এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন: ইয়া রাসুলুল্লাহ! আমার এক কন্যার বিবাহ হয়েছে। অসুস্থ হওয়ার পর তার মাথার চুল উঠে গেছে। এখন আমি যদি তার মাথায় পরচুলা জাতীয় কিছু লাগাই, তবে কি আমার গুনাহ হবে? তিনি বললেন: যে পরচুলা লাগিয়ে দেয় এবং যে লাগাতে বলে, আল্লাহ্‌ তার উপর লা'নত করেন।