সহিহ বুখারী অঃ->অংশীদারিত্ব বাব->ছাগল ভেড়ার ইনসাফের ভিত্তিতে ভাগ করা। হাঃ-২৫০০

‘উকবাহ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরবানীর কিছু বকরী সাহাবীদের মাঝে ভাগ করার জন্য তাকে (দায়িত্ব) দিয়েছিলেন। ভাগ করা শেষে এক বছর বয়সী একটা ছাগল রয়ে গেল। রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সে কথা জানালে তিনি ইরশাদ করলেন, ওটা তুমিই কুরবানী কর।


সহিহ মুসলিম অঃ->কুরবানী বাব->কুরবানীর পশুর বয়স হাঃ-৪৯৭৮

‘উক্‌বাহ্‌ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সহাবীগনের মধ্যে কুরবানীর পশু বন্টন করার জন্য তাঁকে কিছু বকরী দিলেন। একটি বাচ্চা (ছ’মাসের) বাকী রয়ে গেল। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ ব্যাপারে জানালে তিনি বললেন, তুমি এটা কুরবানী করো। কুতাইবাহ্‌ (রহঃ) ... শব্দের স্থলে ... শব্দটি উল্লেখ করেছেন। (ই.ফা. ৪৯২৪, ই.সে. ৪৯২৮)


সুনানে ইবনে মাজাহ অঃ->কোরবানি বাব->যে ধরনের পশু কোরবানী করা উচিত হাঃ-৩১৩৮

উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে এক পাল বকরী দিলেন এবং তিনি সেগুলো কোরবানীর জন্য তার সঙ্গীদের মধ্যে বন্টন করলেন। এক বছর বয়সের একটি ছাগল (বন্টনের পর) অবশিষ্ট থাকলে তিনি তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জানান। তিনি বলেনঃ এটা তুমি কোরবানী করো। [৩১৩৮]


জামে' আত-তিরমিজি অঃ->কুরবানী বাব->ছয় মাসের মেষকে (ভেড়া, দুম্বা, ছাগল) কুরবানী করা প্রসঙ্গে হাঃ-১৫০০

উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাকে কয়েকটি ছাগল দিলেন কুরবানীর উদ্দেশ্যে তাঁর সাহাবীদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। বিলিয়ে দেওয়ার পর ছয় মাস বা এক বছর বয়সের একটি বাচ্চা রয়ে গেল। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বিষয়টি জানালে তিনি বললেন, তুমিই এটাকে কুরবানী কর। সহীহ্, ইবনু মা-জাহ (৩১৩৮)


সুনান নাসাঈ অঃ->কুরবানী বাব->দুই বছর ও এক বছরের পশুর কুরবানী হাঃ-৪৩৭৯

উকবা ইব্‌ন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুলাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীগণের মধ্যে কুরবানীর পশু বন্টন করার জন্য তাকে এক পাল বকরী দিলেন। বন্টন করার পর একটি ছোট বকরী অবশিষ্ট রইলো। তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে তা জানালে তিনি বললেনঃ এর দ্বারা তুমি কুরবানী কর।