সহিহ বুখারী অঃ->অসীয়াত বাব->অসীয়ত প্রসঙ্গে হাঃ-২৭৪০

তালহা ইব্‌নু মুসাররিফ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইব্‌নু আবী আওফা (রাঃ) -এর নিকট জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি অসীয়ত করেছিলেন? তিনি বলেন, না। আমি বললাম, তাহলে কিভাবে লোকদের উপর অসীয়ত ফরয করা হলো, কিংবা অসীয়তের নির্দেশ দেয়া হলো? তিনি বললেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্‌র কিতাব মুতাবিক ‘আমল করার জন্য অসীয়ত করেছেন।


সহিহ বুখারী অঃ->ফাযায়িলুল কোরআন বাব->কিতাবুল্লাহ্‌র ওয়াসিয়্যাত হাঃ-৫০২২

ত্বলহা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু আবূ ‘আওফা (রাঃ)– কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কি কোন ওয়াসিয়্যাত করে গেছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, যখন নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) নিজে কোন ওয়াসিয়্যাত করে যাননি, তখন কী করে মানুষের জন্য ওয়াসিয়্যাত করাকে (কুরাআন মাজীদে) বাধ্যতামূলক করা হল এবং তাদেরকে এজন্য নির্দেশ দেয়া হল। জবাবে তিনি বললেন, তিনি (নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)] আল্লাহ্‌র কিতাব (অনুসরণ)– এর ওয়াসিয়্যাত করে গেছেন।(আধুনিক প্রকাশনীঃ ৪৬৪৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৫২)


সুনান নাসাঈ অঃ->ওয়াসিয়াত বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওয়াসিয়াত করেছিলেন কি? হাঃ-৩৬২০

তাল্হা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমি ইব্‌ন আবূ আওফা(রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি কোনো ওয়াসিয়াত করেছিলেন? তিনি বললেন: না। তিনি [তাল্হা (রাঃ)] বলেন: আমি ইব্‌ন আবূ আওফা(রাঃ)-কে বললাম: তা হলে মুসলমানদের জন্য কিরুপে ওয়াসিয়াতের বিধান করেছেন? তিনি বললেন: তিনি (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) আল্লাহ্‌র কিতাব (প্রতিপালন)-এর ওয়াসিয়াত করেছেন।