‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গর্ভস্থিত বাচ্চার গর্ভের প্রসবের মেয়াদের উপর বিক্রি নিষেধ করেছেন। এ এক ধরনের বিক্রয়, যা জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল। কেউ এ শর্তে উটনী ক্রয় করত যে, এই উটনীটি প্রসব করবে পরে ঐ শাবক তার গর্ভ প্রসব করার পর তার মূল্য দেয়া হবে।
‘আবদুল্লাহ্ [ইবনু ‘উমর (রাঃ)] থেকে বর্নিতঃ
তিনি বলেন, লোকেরা (মুশরিকরা) গর্ভবতী উটনীর বাচ্চার বাচ্চা প্রসব করার মেয়াদে ক্রয়-বিক্রয় করত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ হতে নিষেধ করলেন। (রাবী) নাফী‘ (রহঃ)- এর ব্যাখ্যা করেছেন, উটনী তার পেটের বাচ্চা প্রসব করবে।
ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন: জাহিলী যুগের লোকেরা ‘হাবালুর হাবালাহ্’ শর্তে উটের গোশত কেনা-বেচা করত। “হাবালুল হাবালাহ” হল উটনীর বাচ্চা হবে, তারপর ঐ বাচ্চা গর্ভধারন করলে মূল্য পরিশোধ করা হবে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। (ই.ফা.৩৬৬৮, ই.সে. ৩৬৬৮)
ইবনু ‘উমার (রাঃ) থেকেও নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুত্র থেকে বর্নিতঃ
অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তিনি (ইবনু ‘উমার) বলেন, ‘পেটের বাচ্চার বাচ্চা’ অর্থাৎ উষ্ট্রীর পেট থেকে যে বাচ্চা জন্ম নিবে সেই বাচ্চা পরবর্তীতে যে বাচ্চা প্রসব করবে তা ক্রয় করা। সহীহ : পূর্বেরটি দেখুন।