সহিহ মুসলিম অঃ->ওয়াসিয়্যাত বাব->যার কাছে ওয়াসিয়্যাতযোগ্য কিছু নেই, তার ওয়াসিয়্যাত না করা হাঃ-৪১২৩

আসওয়াদ ইবনু ইয়াযীদ থেকে বর্নিতঃ

তিনি বলেন, তাঁরা ‘আয়িশাহ (রাঃ)- এর কাছে উল্লেখ করেন যে, ‘আলী (রাঃ) তো রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর ওয়াসিয়্যাতের ব্যাপারে দায়িত্ববান ছিলেন। তিনি বললেন, কখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে ওয়াসিয়্যাত করেছেন? আমি তো তাঁকে (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে) আমার বুকে ভর দিয়ে রেখেছিলাম, অথবা বলেছেন, আমার কোলে; তখন তিনি একটি রিকাব চাইলেন, এরপর আমার কোলে ঢলে পড়েন। আমি বুঝতেও পারিনি যে, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি কখন ওয়াসিয়্যাত করলেন? (ই.ফা. ৪০৮৫, ই.সে. ৪০৮৪)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর (অন্তিম) রোগ। হাঃ-১৬২৬

আসওয়াদ থেকে বর্নিতঃ

লোকেরা আয়িশাহ্‌ (রাঃ) এর নিকট উল্লেখ করে যে, আলী (রাঃ) ছিলেন (মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর) ওসী (প্রতিদিন)। আয়িশাহ্‌ (রাঃ) বলেন, মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখন তাকে ওসী নিয়োগ করলেন? অবশ্যই আমি তাকে আমার বুকের সাথে বা কোলে হেলান দিয়ে রেখেছিলাম। তিনি একটি পাত্র চাইলেন। তিনি আমার কোলেই ঢলে পড়ে ইন্তেকাল করলেন। আমি তা বুঝতেই পারলাম না। তবে তিনি আবার কখন ওসিয়াত করলেন। [১৬২৪]