সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->জমি বর্গা [১৪] দেয়া হাঃ-৩৮৩৬

সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) নিজের জমি বর্গা দিতেন। পরে তার কাছে এ সংবাদ পৌঁছল যে, রাফি’ ইবনু খাদীজ আনসারী (রাঃ) জমি বর্গা দিতে নিষেধ করে থাকেন। ‘আবদুল্লাহ (রাঃ) তাঁর সাথে দেখা করে জিজ্ঞেস করেন, হে ইবনু খাদীজ! জমি বর্গার ব্যাপারে আপনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে কি হাদীস বর্ণনা করেছেন? রাফি’ ইবনু খাদীজ (রাঃ) ‘আবদুল্লাহকে বললেন, আমি আমার দু’জন চাচার নিকট শুনেছি- যাঁরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা পরিবার-পরিজনের নিকট বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। ‘আবদুল্লাহ (রাঃ) বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময়ে আমি ভাল করেই জানতাম যে, জমি বর্গা দেয়া যায়। এরপর ‘আবদুল্লাহ ভীত হলো যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হয়তো এমন কিছু বলেছেন, যা তিনি জানতে পারেননি। সুতরাং তিনি জমি বর্গা দেয়া ত্যাগ করেন। (ই.ফা. ৩৮০০, ই.সে. ৩৮০০)


সুনান নাসাঈ অঃ->বর্গাচাষ বাব->ফসলের তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য হাঃ-৩৯০৪

সালিম ইবন্‌ আবদুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্‌ ইবন্‌ উমর (রাঃ) জমি কেরায়া দিতেন। যখন তিনি শুনতে পেলেন, রাফে’ ইবন্‌ খাদীজ (রাঃ) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন, তখন আবদুল্লাহ্‌ (রাঃ) তাঁর সাথে সাক্ষাত করে বললেনঃ হে রাফে’ ইবন্‌ খাদীজ! আপনি জমি কেরায়া দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে কী হাদীস বর্ণনা করেন? তিনি আবদুল্লাহ্‌ (রাঃ) -কে বললেনঃ আমি আমার দুই চাচার নিকট শুনেছি, তারা উভয়ে ছিলেন বদরের যোদ্ধা, তাঁরা লোকদেরকে হাদীস শোনাতেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ্‌ ইবন্‌ উমর (রাঃ) বললেনঃ আমার জানা আছে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সময়ে জমি কেরায়া দেয়া হতো। তখন আব্দুল্লাহ (রাঃ) শংকিত হলেন যে, হয়তো রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ ব্যাপারে হাদীস বর্ণনা করেছেন, আর তিনি তা জানতে পারেন নি। তখন তিনি জমি কেরায়া দেয়া পরিত্যাগ করেন।