সহিহ বুখারী অঃ->জানাযা বাব->যে ব্যক্তি জানাযার পিছে পিছে যায়, সে লোকদের কাঁধ হতে তা নামিয়ে না রাখা পর্যন্ত বসবে না আর বসে পড়লে তাকে দাঁড়াবার নির্দেশ দেওয়া হবে। হাঃ-১৩১০

আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যখন কোন জানাযা যেতে দেখবে, যদি সে তার সহযাত্রী না হয় তাহলে সে ততক্ষন দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না তা চলে যায় অথবা নামিয়ে না রাখা হয়।


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া হাঃ-২১০৬

‘আমির ইবনু রবী‘আহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমরা জানাযাহ্‌ নিয়ে যেতে দেখ তখন দাঁড়িয়ে যাও। যে পর্যন্ত তা তোমাদের পশ্চাতে ফেলে না যায় অথবা তা মাটিতে রেখে দেয়া না হয় (ততক্ষণ দাঁড়িয়ে থাক)। (ই.ফা. ২০৮৫, ই.সে. ২০৮৯)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া হাঃ-২১১০

আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমরা জানাযার পিছনে পিছনে চল, তখন তা মাটিতে না রাখা পর্যন্ত বসো না। (ই.ফা. ২০৮৯, ই.সে. নেই)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া হাঃ-২১১১

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একবার একটি লাশ নিয়ে যেতে দেখে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে গেলেন। আমরাও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। আমরা বললাম, হে আল্লাহর রসূল! এতো এক ইয়াহুদী মেয়েলোকের লাশ। তিনি বললেনঃ মৃত্যু একটা ভয়াবহ জিনিস। অতএব, যখন তোমরা জানাযাহ্‌ (লাশ) দেখ, দাঁড়িয়ে যাও। (ই.ফা. ২০৯০, ই.সে. ২০৯৪)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->লাশের জন্য (সম্মানার্থে) দাঁড়ানো হাঃ-৩১৭২

আমির ইবনু রবী’আহ (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যদি তোমরা জানাযা বহন করে নিয়ে যেতে দেখো তাহলে তা তোমাদেরকে অতিক্রম না করা পর্যন্ত অথবা নিচে নামিয়ে না রাখা পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকবে।


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->লাশের জন্য (সম্মানার্থে) দাঁড়ানো হাঃ-৩১৭৪

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে ছিলাম। এমন সময় আমাদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। অতঃপর আমরা তা বহন করতে অগ্রসর হয়ে দেখি সেটা এক ইহূদীর লাশ। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এটা তো ইয়াহুদীর লাশ। তিনি বললেনঃ নিশ্চয়ই মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। কাজেই তোমরা কোন লাশ নিয়ে যেতে দেখলে উঠে দাঁড়াবে। সহীহঃ ইবনু মাজাহ (১৫৪৩)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->লাশ বয়ে নিয়ে যেতে দেখে দাঁড়ানো। হাঃ-১৫৪২

আমির বিন রবী’আহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা যখন লাশ বয়ে নিয়ে যেতে দেখো, তখন তার জন্য দাঁড়াও, যাবত না তা তোমাদেরকে পেছনে ফেলে যায় অথবা লাশ নামিয়ে রাখা হয়। [১৫৪১]


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->মৃত ব্যক্তিকে নিয়ে যেতে দেখে দাঁড়ানো হাঃ-১০৪২

আমির ইবনু রাবীআ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মৃত ব্যক্তিকে নিয়ে যেতে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে। তোমরা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না তা তোমাদেরকে ছাড়িয়ে যায় অথবা তা মাটিতে না রাখা হয়। -সহীহ, ইবনু মা-জাহ (১৫৪২), বুখারী, মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->মৃত ব্যক্তিকে নিয়ে যেতে দেখে দাঁড়ানো হাঃ-১০৪৩

আবূ সাঈদ-আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মৃত ব্যক্তিকে নিয়ে যেতে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে। লাশের পিছু পিছু যে লোক যাবে সে লোক যেন না বসে যতক্ষণ পর্যন্ত তা নিচে নামিয়ে না রাখা হয়। -সহীহঃ বুখারী, মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->মৃত ব্যক্তিকে দেখে না দাঁড়ানোর অনুমতি প্রসঙ্গে হাঃ-১০৪৪

আলী ইবনু আবী তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

“মৃত ব্যক্তিকে নিচে না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকা" প্রসঙ্গে তার সামনে আলোচনা করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আগে দাঁড়াতেন কিন্তু পরবর্তীতে বসে থেকেছেন। -সহীহ, ইবনু মা-জাহ (১৫৪৪), মুসলিম।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার জন্য দাঁড়াবার আদেশ হাঃ-১৯১৬

আমির ইব্‌ন রাবী’আ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ তোমরা যখন জানাযা দেখবে তখন তোমরা তার পিছনে না পড়া পর্যন্ত কিংবা তা না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযার জন্য দাঁড়াবার আদেশ হাঃ-১৯১৭

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমরা জানাযা দেখবে, দাঁড়িয়ে যাবে। আর যে তার অনুগমন করবে সে যেন তা রাখার পূর্বে না বসে।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মুশরিকদের মৃত দেহের জন্য দাঁড়ানো হাঃ-১৯২২

জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কাছ দিয়ে একটি জানাযা যাওয়ার সময় রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে গেলেন এবং আমরাও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। তখন আমি বললাম, “ইয়া রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ! এতো এক ইয়াহুদী মহিলার জানাযা”। তিনি বললেন, “ প্রত্যেক মৃত্যুতেই ভীতি আছে। অতএব যখন তোমরা জানাযা দেখবে তখন দাঁড়িয়ে যাবে”।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->জানাযা রাখার পূর্বে বসে পড়া হাঃ-১৯৯৮

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমরা কোন জানাযা দেখবে দাঁড়িয়ে যাবে। আর যে ব্যক্তি তার অনুগমন করবে সে জানাযা না রাখা পর্যন্ত বসবে না।